জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে নজরুল বর্ষ পালনের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নজরুল বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথম ময়মনসিংহের ত্রিশালে আসেন। সেই স্মৃতিকে ধরে রাখতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, বিরহ ও তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা আজও তার সৃষ্টি থেকে পাওয়া যায়। মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নজরুলের কবিতা ও গান ছিল শক্তিশালী উৎস।
নজরুল বর্ষ পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে কবির জীবন, দর্শন ও কর্মকে আরও গভীরভাবে পৌঁছে দেওয়া হবে। সরকার আশা করছে, এ উদ্যোগ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির চর্চাকে নতুন মাত্রা দেবে।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন