প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর ভোট প্রাপ্তির হার প্রকাশ করল নির্বাচন কমিশনা
গণবার্তা প্রতিবেদন ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো: রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩ দশমিক ০৫ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে ২ দশমিক ৭০ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ২ দশমিক ০৯ শতাংশ এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।বেসরকারি ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে বাকি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে কাস্টিং ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা