প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইসলামাবাদে শুরু, ইতিবাচক পরিবেশের খবরা
নিউজ ডেস্ক ||
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা।ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা চলছে। শুরুতে বলা হচ্ছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবেন। তবে পরে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়। একই কক্ষে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বসেছেন বলে জানিয়েছে আল-জাজিরা। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি।ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা শুরুর আগে উভয় পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।প্রায় দুই ঘণ্টা আলোচনার পর নৈশভোজের বিরতিসরাসরি আলোচনা প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের বিরতি দেওয়া হয়েছে। বিরতি শেষে আবার আলোচনা শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বিষয় আলোচনায় এসেছে।সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, লেবাননে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলের অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে এবং বৈরুতে আর কোনো হামলা হবে না। এছাড়া ইরানের সূত্র অনুযায়ী, দেশটির জব্দকৃত সম্পদ ছাড় হতে যাচ্ছে, এমন কিছু পরিবর্তনও হয়েছে।তবে এটি খুব প্রাথমিক পর্যায় বলে এখনো বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন।হরমুজ প্রণালিতে কোনো মার্কিন জাহাজ যায়নি: ইরানঅপরদিকে, কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে জানিয়েছে ইরান। দেশটির সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানায়।এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স জানায়, বেশ কয়েকটি মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দাবি করেন, তারা হরমুজে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু ইরানের সামরিক কর্মকর্তা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন।ট্রাম্পের মন্তব্য: যুক্তরাষ্ট্রের দিকে আসছে খালি ট্যাংকারমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুল সংখ্যক খালি ট্যাংকার তেল ও গ্যাস নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দিকে আসছে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেন।ট্রাম্প লিখেছেন, ‘বড় বড় বিপুল সংখ্যক খালি ট্যাংকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে আসছে। সবচেয়ে সেরা এবং “মিষ্টি” তেল (এবং গ্যাস!) নেওয়ার জন্য আসছে। আমাদের কাছে পৃথিবীর পরবর্তী দুটি বৃহত্তম তেল অর্থনীতির চেয়েও বেশি তেল মজুত আছে, গুণমানেও তাদের চেয়ে ভালো। আমরা অপেক্ষা করছি। দ্রুত ঘুরিয়ে দিন!’ট্রাম্প এমন সময় এই পোস্ট দিলেন, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনায় বসেছেন। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিচ্ছেন যে যুক্তরাষ্ট্র জ্বালানি বাজারে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় এবং ইরানের তেল রপ্তানির ওপর প্রভাব বিস্তার করতে পারে।সূত্র: আল–জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা