প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার নাঙ্গলকোটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীকে শারীরিক সম্পর্কের পর পরিত্যক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে ওই যুবকের বাড়ির সামনে অনশনে বসেছেন ভুক্তভোগী।আক্রান্ত শিক্ষার্থীর নাম খাদিজা (১৫)। তিনি নাঙ্গলকোট পৌরসভার উত্তর শ্রীহাস্য এলাকার বাসিন্দা ও স্থানীয় দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।খাদিজার অভিযোগ, স্থানীয় বেতাগাঁও গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারের ছেলে মোনাব্বের হোসেন চৌধুরী রাজুর (২০) সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। রাজু বিয়ের কথা বলে তাকে শারীরিক সম্পর্কে জড়ায়।গত বৃহস্পতিবার সকালে বিয়ে করবে বলে বন্ধুদের মাধ্যমে ডাক দিয়ে এনে রাজু তাকে একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে যান। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ ডাকলে, পুলিশ আসার আভাষ পেয়ে সেখান থেকে আগেই রাজু পালিয়ে যান।এরপর সরাসরি রাজুর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ওই কিশোরী। অভিযোগ, সেখানে তার প্রেমিকের বাবা-মা তাকে জোর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেন এবং মারধর করেন।অন্যদিকে রাজুর বাবা দেলোয়ার ইঞ্জিনিয়ার জানান, এই মেয়েটি তাদের পরিবারের জন্য উপযুক্ত নয়। তিনি বলেন, ‘আমি ছেলেকে আরও ভালো জায়গায় বিয়ে দেব। এই অনশন আন্দোলন আমি মানি না।’নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে। অভিযুক্ত রাজু পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আক্রান্ত কিশোরী লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা