প্রিন্ট এর তারিখ : ১৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, সিরিজের আগে দল ঘোষণা করল পাকিস্তানা
নিজস্ব প্রতিবেদক ||
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। তবে এর পরেও বিশ্রাম পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।সাদা পোশাকের সিরিজ খেলতে ৩ মে ঢাকায় আসবে পাকিস্তান দল। সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।গত মার্চে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এবারের সফরে শুধু টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। পিএসএলের কারণে দুই ভাগে হচ্ছে তাদের বাংলাদেশ সফর। সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল পাকিস্তান। ওই সিরিজে মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের দল।পাকিস্তান স্কোয়াডে নতুন চার মুখবাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন চার মুখ। তারা হলেন—আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি ঘুড়ি। এছাড়া দলে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ।পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। সিরিজকে সামনে রেখে করাচিতে প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তান। ২৭ এপ্রিল সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে।স্কোয়াডের পাঁচ খেলোয়াড়—আজান আওয়াইস, ইমাম উল হক, মোহাম্মদ গাজি ঘুড়ি, নোমান আলী ও সাজিদ খান—বর্তমানে চলমান এনসিএ রেড বল ক্যাম্পে অংশ নিতে লাহোরে আছেন। পিএসএল খেলার ব্যস্ততার কারণে দলের বাকি সদস্যরা নিজ নিজ দলের খেলা শেষে ক্যাম্পে যোগ দেবেন।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা