প্রিন্ট এর তারিখ : ২৪ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বেড়েছো
নিজস্ব প্রতিবেদক ||
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়া সমন্বয় করেছে সরকার। এক্ষেত্রে মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে ১১ পয়সা। ফলে অনেকেই জানতে চাচ্ছেন রুটভিত্তিক বাস ভাড়া এখন কত টাকা গুণতে হবে। জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিবহনের নতুন ভাড়া ঘোষণা করে সরকার। নতুন ভাড়া অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আর আন্তঃজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এক্ষেত্রে সংস্থাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের দেওয়া দূরত্ব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সওজের আওতাধীন ব্রিজ, টোল ও ফেরির ভাড়ার ওপর ভিত্তি করে নতুন ভাড়া নির্ধারণ করে।ঢাকা থেকে পঞ্চগড় রুটের দূরত্ব ৪২৪ কিলোমিটার। কিলোমিটার প্রতি আগের ভাড়া অনুযায়ী, এই রুটে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১১৮০ টাকা, যা ৬০ টাকা বেড়ে এখন হয়েছে ১২৪০ টাকা। ঢাকা থেকে রাজশাহী রুটের দূরত্ব ২৪৭ কিলোমিটার, আগে ভাড়া ছিল ৭০০ টাকা, এখন ৩৮ টাকা বেড়ে ৭৩৮ টাকা হয়েছে। ঢাকা থেকে রংপুর রুটে ৩০৮ কিলোমিটার দূরত্বের আগের ভাড়া ৮৭০ টাকা থেকে ৪১ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। ঢাকা থেকে বগুড়া রুটে ১৯১ কিলোমিটার দূরত্বের ৫৫০ টাকা থেকে ২৮ টাকা বেড়ে হয়েছে ৫৭৮ টাকা।ঢাকা থেকে টেকনাফ রুটের দূরত্ব ৪৬২ কিলোমিটার, আগে ভাড়া ছিল ১২৭০ টাকা, এখন ৬৫ টাকা বেড়ে ১৩৩৫ টাকা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ভাড়া আগে ছিল ৬৭০ টাকা, এখন ৩৪ টাকা বেড়ে ৭০৪ টাকা হয়েছে। ঢাকা থেকে খুলনা রুটে ২০৫ কিলোমিটার দূরত্বের পূর্বের ভাড়া ৬৫০ টাকা থেকে ৩০ টাকা বেড়ে ৬৮০ টাকা হয়েছে। ঢাকা থেকে বরিশাল রুটে ১৭১ কিলোমিটার দূরত্বের ৫৬৫ টাকা থেকে ২৬ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৫৯১ টাকা।ঢাকা থেকে সিলেট রুটে ২৫৭ কিলোমিটার দূরত্বের ৭০০ টাকা থেকে ৪০ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৭৪০ টাকা। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ১১৬ কিলোমিটারের ৩১৫ টাকা থেকে ১৫ টাকা বেড়ে এখন ভাড়া হয়েছে ৩৩০ টাকা। ঢাকা থেকে কক্সবাজার রুটের দূরত্ব ৩৯৬ কিলোমিটার, আগের ভাড়া ১০৯০ টাকা থেকে ৫৭ টাকা বেড়ে এখন ১১৪৭ টাকা হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা রুটে ১০২ কিলোমিটার দূরত্বের ২৯০ টাকা থেকে ১৬ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৩০৬ টাকা।দেশের সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে পরিচিত দিনাজপুর থেকে টেকনাফের দূরত্ব ৮৪৪ কিলোমিটার। এতদিন এই রুটের ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২৩৪০ টাকা। এখন ১১৭ টাকা বেড়ে ভাড়া হয়েছে ২৪৫৭ টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় দূরত্ব অনুযায়ী কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা ধরে রুটভিত্তিক ভাড়া নির্ধারণ হচ্ছে। একই সঙ্গে ঢাকার আশপাশ এলাকা তথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এলাকার ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৩ পয়সা ধরে নতুন ভাড়া দিতে হবে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা