প্রিন্ট এর তারিখ : ২৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬
কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটকা
নিজস্ব প্রতিবেদক ||
কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১০। অটোরিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে র্যাব-১০-এর একটি টহল দল শনিবার (২৩ মে) দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে।অভিযুক্ত শাহ পরানের বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।জানা গেছে, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকায় বসবাস করে। ঘটনার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। এই সুযোগে শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে বের করে ঘুরতে নিয়ে যায়।তাদের বহনকারী অটোরিকশাচালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি র্যাব-১০-এর টহলরত টিমকে জানান।অটোরিকশাচালক মো. রাকাত হোসেন (৩৮) জানান, যুবকটি শিশুটিকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য তার রিকশায় ওঠে। রিকশায় ওঠার পর যুবকটির কথাবার্তায় সন্দেহ হয়। এরপর তিনি তাদের ঝিলমিল এলাকায় নামিয়ে ঘটনাটি বোঝার জন্য একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকেন। এ সময় যুবকটি শিশুটিকে নিয়ে একটি ঝোপের ভেতর যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ পায়। তখন তিনি দ্রুত র্যাব-১০-কে জানান।খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে।এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। আসামি র্যাবের হেফাজতে আছে। র্যাব আসামিকে থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা