প্রিন্ট এর তারিখ : ১০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
সীমান্ত পাহারায় বিজিবির সঙ্গী গ্রাম পুলিশ, বাড়তি নিরাপত্তায় স্বস্তিা
নিজস্ব প্রতিবেদক ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত সুরক্ষায় বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত দায়িত্ব পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরাও। সীমান্ত আইন অমান্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ ও পুশইনের অভিযোগের প্রেক্ষিতে এ যৌথ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।জেলা সদর এলাকার ধলাহার, চকবরকতসহ পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর, ধরঞ্জী ও বাগজানা ইউনিয়নের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় গ্রাম পুলিশ সদস্যরা বিজিবির সঙ্গে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন। সীমান্তবর্তী এই অঞ্চলগুলোতে বিএসএফের উস্কানিমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আয়মারসুলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রুহুল আমিন এবং ধরঞ্জী ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের নির্দেশে তারা পালাক্রমে দায়িত্ব পালন করছেন। দিনের পাশাপাশি রাতেও বিজিবির সঙ্গে দলবদ্ধভাবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন।স্থানীয় একাধিক বাসিন্দা জানান, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সময়ে বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। পাশাপাশি পুশইনের অভিযোগও উঠেছে এসব এলাকায়। স্থানীয় লোকজন বলছেন, এসব প্রতিরোধে বিজিবির সঙ্গে গ্রাম পুলিশের উপস্থিতি সীমান্তবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। বিজিবি ও গ্রাম পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।” উল্লেখ্য, সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সীমান্তবর্তী এলাকার কয়েকজন বাসিন্দা গণবার্তাকে বলেন, আগের চেয়ে এখন সীমান্ত এলাকায় নিরাপত্তা অনেক বেড়েছে। গ্রাম পুলিশের উপস্থিতি থাকায় বিএসএফের তৎপরতা কিছুটা কমেছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সঙ্গেই নিয়মিত টহল অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা