প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
সংসদ কক্ষে মাথা ঝোঁকানো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে আপত্তি জামায়াত এমপিরা
নিউজ ডেস্ক ||
জাতীয় সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান প্রদর্শনার্থে ‘মাথা ঝোঁকানো’ নিয়ে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে আপত্তি তুলে ধরেন। সাধারণত সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান দেখাতে অনেকে মাথা ঝোঁকান (বো করেন)। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে হাউজ ও সভাপতিকে সম্মান দেখানো হয়।আজ বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, তৃতীয় জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধিতে সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা বলা ছিল। এরপর এটি নিয়ে আলোচনা–পর্যালোচনা করে সংশোধনী আনা হয়। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটি শিরকের কাছে চলে যায়। সে জন্য এটা বাদ দেওয়া হয়েছে। স্পিকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্য আরও বলেন, আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দেই, জবাব দেই। কিন্তু পরবর্তীতে দেখা যায় আগের ঝুঁকন্তিটা এখনো আছে। আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারেরও আছে।কার্যপ্রণালি বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, সেটা সবার মেনে চলা উচিত—মন্তব্য করে জামায়াতে ইসলামীর এই সদস্য আরও বলেন, এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, কাল-কেয়ামতে এটা থেকে আমরা উপকার লাভ করব। মুজিবুর রহমানের এই আপত্তির বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি কার্যপ্রণালি বিধি আরেকটু দেখে এ বিষয়ে জানাবেন। তবে এটা সবার জন্য ব্যক্তিগত বিষয়। কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। সারা পৃথিবীর সংসদে এ রকম আছে। তা–ও তিনি দেখবেন বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না। স্পিকার বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদ সদস্যদের প্রবেশ ও প্রস্থানের সময় হাউজের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মাথা নত করার বিধান রয়েছে। কিন্তু এটা কারও জন্য বাধ্যতামূলক নয়। এটি ব্যক্তিগত পছন্দের বিষয়। পরে স্পিকার জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মুজিবুর রহমানের এই আপত্তি সংসদ কক্ষে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ এই দাবির সঙ্গে একমত পোষণ করেন, আবার কেউ কেউ বলেন, এটি অতিরিক্ত বাড়াবাড়ি। এমপি হাসানুল হক বলেন, বিভিন্ন দেশের সংসদে রাষ্ট্রপ্রধান বা স্পিকারকে সম্মান জানাতে মাথা নত করা একটি আন্তর্জাতিক রীতি। এতে ইসলামের কোনো ক্ষতি নেই। অন্যদিকে অন্য একজন এমপি বলেন, ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের কারণে রাষ্ট্রীয় রীতি পরিবর্তন করা উচিত নয়। তবে বিষয়টি সংসদে আলোচনা হওয়ায় তা ইতিবাচক। এমপি মুজিবুর রহমানকে সমর্থন করে জামায়াতের আরেক সংসদ সদস্য বলেন, ইসলামের দৃষ্টিতে কারও সামনে মাথা নত করা শুধু মহান আল্লাহর জন্যই নির্দিষ্ট। এটি রাসুল (সা.)-এর সুন্নতের পরিপন্থী। কাজেই এক্ষেত্রে সালামই যথেষ্ট। স্পিকার অবশ্য দ্রুত সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি পর্যালোচনা করতে সময় চেয়েছেন। এখন দেখার বিষয়, এই আপত্তি সংসদের কার্যপ্রণালি বিধিতে কোনো পরিবর্তন আনে কিনা, নাকি পুরনো রীতি বহাল থাকে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা