প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
টানা বৃষ্টিতে রাজধানীর নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগা
নিউজ ডেস্ক ||
‘বানের স্রোতের মতো বাড়িতে পানি ঢুকছে। পানির মোটর আর রিজার্ব ট্যাংকে ময়লা পানি ঢুকেছে, কী করবো বুঝতে পারছি না, জলদি আসেন।’ রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন ৩৮/এ কলেজ এরিয়ার একটি বাড়ির কেয়ারটেকার জামাল উদ্দিন উদ্বিগ্ন কণ্ঠে মোবাইল ফোনে বাড়ির মালিককে এভাবেই জানাচ্ছিলেন বৃষ্টির দুর্ভোগের কথা।বাড়ির মালিক এক স্যানিটারি মিস্ত্রিকে ডেকে আনার আগেই পুরো রিজার্ব ট্যাংক পানিতে ডুবে যায়। চালু পানির মোটরও বন্ধ হয়ে যায়। লাইনে পানি সরবরাহ না থাকায় রান্নাবান্নাও বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পর। জাগো নিউজের সঙ্গে আলাপকালে জামাল উদ্দিন বলেন, ‘রিজার্ব ট্যাংকে ময়লা পানি ঢুকে পড়েছে। পানি না নামা পর্যন্ত কিছুই করার নেই। রিজার্ব ট্যাংক পরিষ্কার না করা পর্যন্ত এ দুর্ভোগ আর কমবে না।’তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছর সংস্কারের নামে রাস্তাঘাট খোঁড়া হয়। কিন্তু বৃষ্টি হলেই পানি জমে যায়। নিয়মিত ট্যাক্স দিলেও নাগরিক সুবিধা পাই না।জামাল উদ্দিন একা নন, রাজধানীর নিউমার্কেট ও আশপাশের এলাকার অসংখ্য বাসিন্দা তার মতো দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরবাসীর অনেকের প্রশ্ন সংস্কারের সুফল আসলে কোথায়?রোববার (১২ জুলাই) দুপুরে নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, শনিবার মধ্যরাত থেকে কখনও প্রবল, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পুরো এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিজিবি-৩ নম্বর গেট থেকে আজিমপুর পুরোনো কবরস্থান গেট, নীলক্ষেত মোড় পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।নিউমার্কেটের ভেতর দোকানের সামনেও থই থই করছে পানি। আজিমপুর কবরস্থানের ভেতরেও পানি ঢুকেছে। বিপরীত পাশের আইয়ুব আলী কলোনির গলিতে হাঁটুপানি। নিউমার্কেট কাঁচাবাজার ও পোস্ট অফিসসংলগ্ন সড়কও পানিতে তলিয়ে গেছে।জলাবদ্ধতার কারণে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে। অনেকের গাড়ির ইঞ্জিন মাঝপথে বন্ধ হয়ে যায়, এতে আরও কষ্ট কয়েক দফা বেড়ে যায়। অনেক অফিসগামী মানুষকে পানিতে ভিজেই চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও ভ্যানচালকরা ১০ টাকা করে ভাড়া নিয়ে পারাপার করছেন।নিউমার্কেটের দোকান মালিক আলী হোসেন বলেন, ‘প্রতিদিন দোকান খুললেই একটা খরচ থাকে। কিন্তু সকাল থেকে এক টাকাও বিক্রি করতে পারিনি। নিউমার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা এখন নিয়তি। বিভিন্ন সময় সংস্কার হলেও তার সুফল পাই না।’শুধু নিউমার্কেট নয়, মিরপুর, ধানমন্ডি, লালবাগ, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে টানা বৃষ্টিতে। মিরপুর-১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়া পর্যন্ত সড়ক পানিতে ডুবে গেছে। ধানমন্ডির ১২, ২৭, ৩২ ও ৮/এ নম্বর সড়কসহ বিস্তীর্ণ এলাকায় পানি জমেছে। কারওয়ান বাজার মোড়, হাতিরপুল, কাঁঠালবাগান ও গ্রিন রোডের অলিগলিতে কোথাও কোথাও হাঁটুপানি।জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কয়েকটি স্কুল-কলেজে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারেননি। কর্মজীবী মানুষেরও নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জেলায় আশঙ্কা তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল আর উজান থেকে নেমে আসা পানিতে থই থই করছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। এই জেলায় ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বন্যাজনিত কারণে। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও পানিবন্দি কয়েক লাখ মানুষ।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা