প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিন সদস্যকে হত্যাা
গণবার্তা প্রতিবেদনঃ ||
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যকে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনজনেরই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীরেও পচন ধরে গেছে।এদিকে দুই থেকে তিন দিন আগে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। একইসঙ্গে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকেলে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।নিহতরা হলেন—উপজেলার চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) ও নিহত মনিরা বেগমের বৃদ্ধা মা রাশিদা বেগম (৯০)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী কয়েকজন নারী ওই বাড়িতে গিয়ে বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের অন্য সদস্যদের ডাকাডাকি করেন। পরে তারা ঘরের ভেতরে গিয়ে আরও দুজনের মরদেহ দেখতে পান। এই ঘটনায় তারা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তিনটি মরদেহ ঘর ও বারান্দায় পড়ে থাকতে দেখে। দ্রুত কচুয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।এই বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ জানান, তিনটি মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। মরদেহগুলোতে পচনও ধরেছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।ওসি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বিকেলে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক বিভাগ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কচুয়া থানার পুলিশ কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়িতে কোনো স্বজন বা পরিচিত জনই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা