প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
মক্কা ডিফেন্স প্যাক্টে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশা
গণবার্তা প্রতিবেদনঃ ||
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ (Makkah Defence Pact) বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই কথা জানান।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত এই ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা চুক্তির বিষয়টি নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে বর্তমান সরকার কাজ করে যাবে বলে তিনি জানান।ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিভিন্ন সমালোচনার জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।উল্লেখ্য, গত ২১ আগস্ট হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী হুমায়ুন কবির এর আগে ব্রিটিশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গত কয়েকদিন ধরেই কূটনৈতিক মহলে আলোচনা চলছিল। প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা