প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপিরা
গণবার্তা প্রতিবেদনঃ ||
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তরের মেয়রপ্রার্থী ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।সভায় ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই এবং মহানগরের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন।এনসিপির নেতারা জানান, সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে সংগঠিত হয়ে নাগরিক সমস্যাগুলো তুলে ধরব। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে চাই।’এনসিপির এই ঘোষণার পর ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এনসিপি প্রথমবারের মতো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। দলটির নেতারা আশা করছেন, জনগণের সমর্থনে তারা ভালো ফলাফল করবেন। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইতিমধ্যেই দুদকের দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের মুখে রয়েছেন। এই পরিস্থিতিতে তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা