প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা এখন ৮ দফা, প্রয়োজনে এক দফা ঘোষণা হবো
গণবার্তা প্রতিবেদনঃ ||
টাঙ্গাইল: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজন অনুযায়ী দফা বাড়তেও পারে। আবার জনগণের প্রয়োজন অনুযায়ী সব দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, “আপনারা প্রস্তুত আছেন? আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ।”শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-রংপুর লংমার্চের টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাসের পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “কেন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করলেন না। আপনারা কথা দিয়েছিলেন কোনো জায়গায় অনির্বাচিত কাউকে দেশ শাসন করতে দেওয়া হবে না। জায়গায় জায়গায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন।”তিনি আরও বলেন, “এই জাতি আপনাদের কাছে এই কার্ড সেই কার্ড এগুলো চায়নি। এই কার্ডগুলোর কথা আপনারা জাতিকে দেবেন বলেছিলেন। জাতি যা চেয়েছিল, আপনারা দিতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। আমরা নেমেছি এসব অধিকার আদায়ের জন্য।”এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “আমাদের সামনে কঠিন সংগ্রাম, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমরা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরসূরি; আমাদের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”কর্নেল ড. অলি আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী আপনি যেভাবে আওয়ামী লীগের দ্বারা সরকার প্রশাসন চালাচ্ছেন, এভাবে দেশ চালাতে পারবেন না। আমাদের একদফা আন্দোলনের দিকে ঠেলে দেবেন না।”টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, নেজামে ইসলাম পার্টির নায়েবে আমির আল্লামা মুফতি মোখলেসুর রহমান কাসেমী, কর্নেল ড. অলি আহমদের ছেলে ওমর ফারুক, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিলাল হোসাইন মিয়াজি এবং এনসিপির সরোয়ার তুষার প্রমুখ।উল্লেখ্য, ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত এই পথসভা ঘিরে টাঙ্গাইলে রাজনৈতিক কর্মকাণ্ডের গতি বেড়েছে। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে ঢাকামুখী লংমার্চের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা