ঈদের আনন্দে মাগুরার মহম্মদপুর উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলার ঝামা ফেরিঘাট থেকে মধুমতী নদীর তীরবর্তী দেউলি গ্রামে এই প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। ফেরিঘাট থেকে মধুমতী তীর পর্যন্ত এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মধুমতীর বালুচরে যখন ঘোড়াগুলো টগবগিয়ে ছুটছিল, তখন দুপাশে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা ।
আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় এই গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয় । এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ২০টি তেজী ঘোড়া । ঘোড়াকে উৎসাহ দিতে নদীর পাড়ে ভিড় জমান আশপাশের অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রাই চৌধুরী বলেন, "ঘোড়দৌড় এবার নতুন মাত্রা যোগ করেছে। দিনটা খুব উপভোগ করছি। আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাই" ।
লোকজ সংস্কৃতি আর বিনোদনের মিশেলে দেউলি গ্রামের এই আয়োজন এখন স্থানীয়দের কাছে বার্ষিক মিলনমেলায় পরিণত হয়েছে । বয়সের ভেদাভেদ ভুলে সবাই মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার ।
ঘোড়দৌড় শেষ হলেও মেলা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন