নেত্রকোনায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫টার দিকে জেলার মদন উপজেলার নায়েকপুর হাওরে বোরো ধানের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক বাচ্চু তালুকদার নায়েকপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত জাহেদ তালুকদারের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্শ্ববর্তী মাখনা গ্রাম সংলগ্ন নায়েকপুর হাওরের বন্ধকী জমিতে বোরো ধান আবাদ করেছেন বাচ্চু তালুকদার। আর কিছুদিন পরই এসব ধান কেটে ঘরে তুলবেন তিনি। কিন্তু গত কয়েক দিন ধরে মাখনা গ্রামের লোকজনের গরু এসে ধান খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছিল। বিষয়টি মাখনা গ্রামের লোকজনকে তিনি কয়েকবারই জানিয়েছেন। তবুও গরুতে ধান খাওয়া বন্ধ হচ্ছিল না।
বৃহস্পতিবার ঘটনার সময় বাচ্চু তালুকদার তার জমিতে গেলে দেখতে পান গরু ধানগাছ খেয়ে তছনছ করে রেখেছে। তখন তিনি চিৎকার করতে থাকলে মাখনা গ্রামের করিল ইসলামসহ স্থানীয়রা ছুটে আসেন। এ সময় করিল ইসলামের সঙ্গে বাচ্চু তালুকদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে করিল ইসলামসহ মাখনা গ্রামের লোকজন বাচ্চু তালুকদারের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই বাচ্চু তালুকদারের মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গরু দিয়ে ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন