বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান পরিচালনা করছে।
একজন নিহতের খবর নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।”
সংঘর্ষে নিহত রাজীব শেখ এলাকার শেখ গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রায় ৩০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলা ও সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন