ফেনী সদর উপজেলার শর্শদিতে নির্মাণাধীন ভবনে বালুচাপা দিয়ে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে (৪৪) হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র দুই দিনের ব্যবধানে মামলার প্রধান অভিযুক্ত রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই জানায়, ঋণের কিস্তির টাকা জোগাড় করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে স্বর্ণালংকার লুট করেছিলেন সাইফুল। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে ফেনী পিবিআই পুলিশ সুপার উক্য সিংহ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৯) শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
গত ১২ মে বিকেলে প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী রিনা আক্তার তাদের নির্মাণাধীন নতুন বাড়িতে পানি দিতে গেলে সাইফুল তাকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতরে থাকা বালুর স্তূপের নিচে চাপা দিয়ে পালিয়ে যান। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বালুর নিচে মরদেহ উদ্ধার হয়।
ঘটনার পর নিহতের ছেলে মহরম আলী বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হলে তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ মে রাতে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানার চৌধুরী নগর আবাসিক এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তিনি হত্যাকাণ্ড ঘটান। পরে নিহতের কানের দুল খুলে স্থানীয় বাজারে সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দুল উদ্ধার করেছে পিবিআই।
পিবিআই পুলিশ সুপার উক্য সিংহ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন