মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ড. এম রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।
তাঁর বাবা মৃত ফহিম উদ্দিন বিশ্বাস, মা মৃত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার বড় ভাই। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজি) ছিলেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এখন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রেই রেজাউল হকের দাফন সম্পন্ন হবে। সেখানে আত্মীয়-স্বজনরা তার বাসায় অবস্থান করছেন।
এদিকে শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশের বিজ্ঞানীমহলে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন