চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিককে অবশেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে যান।
ভারতীয় নাগরিকরা হলেন—পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ।
পুলিশ ও ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বিএসএফ গত বছর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করে। ওই বছরের ২০ আগস্ট পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে অন্তঃসত্ত্বা সোনালী বিবিসহ ৬ জনকে আটক করে জেলহাজতে পাঠায়। বিষয়টি গণমাধ্যমে আসলে উভয় দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আদালতের নির্দেশনায় ও মানবিক বিবেচনায় গত বছরের ৫ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে তার ৮ বছরের সন্তানসহ ভারত পাঠানো হলেও চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা বিচারাধীন থাকায় বাকি চারজন ফিরে যেতে পারেননি। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের কারাগারে আটক ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম জানান, বিকেলে ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। এ সময় সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও মানবিক বিবেচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন