ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ১১ নারী পকেটমারকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার পকেটমার করছিল।'
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা চুয়াডাঙ্গা, যশোর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পকেটমারের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন ও ট্রেনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ঈদের সময় যাত্রীচাপ বেশি থাকায় পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। পুলিশ যাত্রীদের সচেতন থাকার এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন