হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েছেন বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী। রোববার (১৯ জুলাই) দুপুর ১টা ৪০-এর পর থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে অচল অবস্থার মুখোমুখি হচ্ছেন অনেকে । মোবাইল অ্যাপে সমস্যা না থাকলেও ওয়েব ভার্সনে বার্তা পাঠানো, নিউজফিড দেখার ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা ।
ওয়েব ভার্সনে প্রবেশের চেষ্টা করলে অনেককে 'অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ' বা 'আপনি যে লিংকে ক্লিক করেছেন সেটি হয়তো ভাঙা বা পৃষ্ঠাটি সরিয়ে ফেলা হয়েছে'—এ ধরনের বার্তা দেখতে হচ্ছে । মেসেঞ্জারের ক্ষেত্রেও একই অবস্থা; পাঠানো বার্তা যাচ্ছে না বা দীর্ঘ সময় ধরে 'সেন্ডিং' দেখাচ্ছে । তবে ইনস্টাগ্রাম, থ্রেডস, হোয়াটসঅ্যাপের মতো মেটার অন্যান্য প্ল্যাটফর্মে তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যায়নি ।
ব্যবহারকারীদের অভিযোগের ওপর নজর রাখা ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে কয়েক মিনিটের মধ্যেই ৩ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন । এ সমস্যা শুধু বাংলাদেশ বা ভারত নয়, বিশ্বব্যাপী দেখা যাচ্ছে ।
ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার প্রভাব শুধু বিনোদন বা ব্যক্তিগত যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে অনেক ছোট ব্যবসা, অনলাইন উদ্যোক্তা, সংবাদমাধ্যম ও ফ্রিল্যান্সাররা ফেসবুকের ওপর নির্ভরশীল। ফলে কয়েক ঘণ্টার সমস্যাও তাদের কাজের ওপর প্রভাব ফেলতে পারে।
মেটা অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে এই সমস্যার কারণ বা সমাধানের বিষয়ে কিছু জানায়নি । তবে জানা গেছে, গত এপ্রিল থেকে মেসেঞ্জারের স্ট্যান্ডঅ্যালোন ওয়েবসাইটটি ধাপে ধাপে বন্ধ করে ফেসবুকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া চলছে । এই পরিবর্তনের কারণেই সাময়িক সমস্যা তৈরি হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন