প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চের’ সদস্য। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ছাড়া সম্প্রতি তার আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের নজরে আসে।
সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা সিফাতের মুক্তির দাবিতে গাছা থানার সামনে অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত দুইটার পর নেতাকর্মীরা চলে যান।
এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান সিফাতকে দলটির সমর্থক ও ইনকিলাব মঞ্চের অনুসারী হিসেবে দাবি করেন। তিনি সিফাতের গ্রেপ্তারের প্রতিবাদে তার ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করে বলেন, ‘সিফাত ইস্যু মাত্র জাতীয় পর্যায়ে হয়েছে। তাকে মুক্তি না দিলে আন্তর্জাতিক পর্যায়ে হবে।’ তার ভাষ্য, সিফাত বিভিন্ন সময় এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এবং তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে।
এনসিপি নেতা-কর্মীদের দাবি, জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন সিফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও তার সমালোচনামূলক বক্তব্য ছিল বলে দাবি তাদের।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ও আইনি সীমারেখা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন