২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো লড়তে পারেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এরদোগানের উপদেষ্টা মেহমেত উচুম জানিয়েছেন, পার্লামেন্টের ৬০০ সদস্যের মধ্যে অন্তত ৩৬০ জন আগাম নির্বাচনের পক্ষে ভোট দিলে ২০২৮ সালের এপ্রিলে নির্বাচন হতে পারে। তিনি সম্ভাব্য তারিখ হিসেবে ওই বছরের ১৬ এপ্রিলের কথা বলেছেন।
তুরস্কের নিয়ম অনুযায়ী, নির্বাচন সাধারণত ২০২৮ সালের মে মাসে হওয়ার কথা। তবে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন পেলে আগাম নির্বাচন ডাকা সম্ভব। এমন নির্বাচন হলে এরদোগানের আবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি হবে।
বর্তমানে এরদোগানের একে পার্টি এবং জোটসঙ্গী ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) মিলিয়ে পার্লামেন্টে ৩২৬টি আসন রয়েছে। অর্থাৎ ৩৬০ ভোটের প্রয়োজন হলে তাদের আরো ৩৪ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
উল্লেখ্য, এরদোগান ২০০৩ সাল থেকে তুরস্কের রাজনীতিতে প্রধান ভূমিকা পালন করছেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে প্রেসিডেন্ট হন। ২০১৭ সালের সাংবিধানিক সংশোধনের পর তুরস্কে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থা চালু হয়। এরদোগান ২০২৩ সালের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তুরস্কের সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। তবে বিরোধীরা দাবি করছে, এরদোগান ইতিমধ্যে দুই মেয়াদের সীমা অতিক্রম করেছেন। কিন্তু এরদোগানের সমর্থকরা বলছেন, ২০১৭ সালের সাংবিধানিক সংশোধনের আগে তিনি যে মেয়াদে দায়িত্ব পালন করেছেন, সেটি আলাদা হিসেবে গণ্য হবে। ফলে তিনি আবারও প্রার্থী হওয়ার যোগ্য। এই বিষয়ে আইনি ব্যাখ্যা নিয়ে তুরস্কে বিতর্ক রয়েছে। আগাম নির্বাচন হলে সেই বিতর্ক নতুন করে সামনে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিষয় : তুরস্ক

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন