দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘সেবা প্রকাশনী’র যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতি তদন্তে অডিট পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।বুধবার (১৩ মে) সেবা প্রকাশনীর অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ অবস্থায় অডিট কার্যক্রম নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।১৯৬৩ সালের মে মাসে প্রখ্যাত লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেনের হাত ধরে যাত্রা শুরু করে সেবা প্রকাশনী। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী এবং ধ্রুপদী অনুবাদ সাহিত্যের মাধ্যমে পাঠকদের মাঝে এক অনন্য অবস্থান তৈরি করে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। মাসুদ রানা ও কুয়াশার মতো কালজয়ী সিরিজগুলোর মাধ্যমে কয়েক প্রজন্মের কিশোর-তরুণদের পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেবা।তবে ২০২২ সালের ১৯ জানুয়ারি প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের প্রয়াণের পর থেকেই প্রকাশনীটির প্রশাসনিক ও প্রকাশনা কার্যক্রমে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছিল। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল ও অনিয়মের খবরও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।সেবা প্রকাশনীর কার্যক্রম বন্ধের খবরে দেশের সাহিত্য অঙ্গন ও পাঠক মহলে ব্যাপক শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির অনুরাগী পাঠকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের হতাশা ও শোক প্রকাশ করছেন। অনেকে এই সিদ্ধান্তকে ‘প্রজন্মের পাঠাভ্যাসের জন্য বড় ধাক্কা’ হিসেবে আখ্যায়িত করেছেন।বর্তমানে অডিট কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেবা প্রকাশনীর সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে অডিট শেষে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।