জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধির প্রেক্ষাপটে অননুমোদিতভাবে তেল মজুতের অপচেষ্টা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে।
গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা মোকাবিলা এবং সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল ও চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।
বিজিবির দৃশ্যমান উপস্থিতি জনমনে আস্থা বাড়াতে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন