ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, সামনে আসছে ‘আরও বিস্তৃত, শক্তিশালী ও বিধ্বংসী’ হামলা, যা তারা পরিচালনা করবে।
ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাসনিম সংবাদমাধ্যম ও আধা-সরকারি ফারস বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে ‘সম্পূর্ণ’ ধারণা রাখে না। তিনি দাবি করেন, ইরানের সামরিক সরঞ্জামের উৎপাদন এমন জায়গায় হয়, যার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, তা প্রত্যাখ্যান করেন এই মুখপাত্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতেই হবে।
এর আগে ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছিলেন, মার্কিন বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে ‘অত্যন্ত কঠিন’ আঘাত হানবে। ট্রাম্পের এই কথার জবাবেই সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিল ইরান।
ইরানের সামরিক মুখপাত্র আরও বলেন, শত্রুপক্ষ যদি মনে করে তাদের হামলায় ইরানের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে, তাহলে তারা ভুল করছে। ইরান এখন পুরোপুরি প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম বলে জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ নিয়ে কয়েক দফায় হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন