বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসাসহ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং তারা যেন আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব স্ক্রিনিং এবং যাচাইকরণ নীতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। এর উদ্দেশ্য হলো—উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে বা তারা যেন রাষ্ট্রীয় বোঝা হয়ে না ওঠে, তা নিশ্চিত করা।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট উল্লিখিত দেশগুলোর নাগরিকদের জন্য সব প্রকার ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে।
তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে—আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বেলারুশ, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কিউবা, মিশর, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তিউনিসিয়া, উগান্ডা, ইয়েমেনসহ আরও অনেক দেশ।
অভিবাসী ভিসা: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য (গ্রিন কার্ড) প্রদান করা হয়। অনভিবাসী ভিসা: অস্থায়ী উদ্দেশ্যে (পর্যটন, শিক্ষা, ব্যবসা, চিকিৎসা ইত্যাদি) প্রদান করা হয়, যা এই স্থগিতাদেশের আওতার বাইরে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন