ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ বুধবার শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই প্রকাশ হতে শুরু করেছে বুথফেরত জরিপের ফলাফল। অধিকাংশ জরিপেই দেখা যাচ্ছে, এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।
আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। তার আগে পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি ও ভোটারদের মতামতের ভিত্তিতে এসব সম্ভাব্য ফল প্রকাশ করেছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোটগ্রহণ শেষের এক ঘণ্টা বাকি থাকতেই ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। প্রথম দফা নির্বাচনে একই সময় পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ। সেই হিসাবে দ্বিতীয় দফায় পড়া ভোট প্রথম দফাকেও ছাপিয়ে গেছে।
ছয়টি জরিপ সংস্থা ইতিমধ্যে বুথফেরত জরিপের ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে, রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে টপকে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসীন হতে পারে। মাত্র দুটি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
জনমত পোল: তৃণমূল কংগ্রেস ১৯৫-২০৫ আসন, বিজেপি ৮০-৯০ আসন
পিপলস পালস: তৃণমূল ১৭৭-১৭৮ আসন, বিজেপি ৮৫-১১০ আসন
প্রজা পোল: বিজেপি ১৭৮-২০৮ আসন, তৃণমূল ৮৫-১১০ আসন
পি-মার্ক: বিজেপি ১৫০-১৭৫ আসন, তৃণমূল ১১৮-১৩৮ আসন
ম্যাট্রিজ: বিজেপি ১৪৬-১৬১ আসন, তৃণমূল ১২৫-১৪০ আসন
পোল ডায়েরি: বিজেপি ১৪২-১৭১ আসন, তৃণমূল ৯৯-১২৭ আসন
চাণক্য স্ট্র্যাটেজিস: বিজেপি ১৫০-১৬০ আসন, তৃণমূল ১৩০-১৪০ আসন
২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ১৪৮। অধিকাংশ বুথফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে যে, বিজেপি এবার তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড় ধরনের ভাঙন ধরিয়ে সরকার গঠন করতে পারে।
বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট শেষের পর সবার মনেই এখন ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন—বিজেপি কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ ভাঙতে সফল হবে?
বুথফেরত জরিপের ফল যদিও প্রায় সময় মেলে না। কিন্তু এবার তা মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়।
বুথফেরত জরিপ সব সময় চূড়ান্ত ফলাফলের প্রতিফলন না হলেও এবারের সংখ্যাগুলো তৃণমূল শিবিরে শঙ্কা ও বিজেপি শিবিরে আশা জাগিয়েছে। অধিকাংশ সংস্থায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি বা ছাড়িয়ে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এখন সব চোখ ৪ মের দিকে। যদি জরিপ সঠিক হয়, তবে ২০১১ সালের পর প্রথমবারের মতো ক্ষমতা ছাড়তে পারে তৃণমূল। আর যদি জরিপ ভুল প্রমাণিত হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হবেন — এটাই শেষ পর্যন্ত দেখার বিষয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন