নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলের ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনার পর অভিযান জোরদার করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের মধ্যাঞ্চলের ত্রিশূলী নদী করিডরে অবস্থিত ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন যান্ত্রিক ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক সুপারভাইজার কবির মহার্জন।
জাতীয় স্বাধীন পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নিউপানে এ তথ্য জানিয়েছেন। গত ২৬ আগস্ট পাহাড়ি ঢলের পর থেকে তিনি অনুসন্ধান কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
শুক্রবার প্রথমে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কবির মহার্জনকেও টানেল থেকে জীবিত বের করে আনা হয়।
নিউপানে জানান, টানেলের ভেতরে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে তথ্য পেয়েছেন উদ্ধারকারীরা। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান এবং সেখানে আটকে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। এরপর নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী তাদের কাছে পৌঁছানোর চেষ্টা জোরদার করে।
নিউপানের ভাষ্য অনুযায়ী, উদ্ধারকারী দল টানেলের ভেতরে ডাক দিয়ে বলেছিল, ‘ভয় পাবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি।’ জবাবে ভেতর থেকে বলা হয়, ‘ঠিক আছে।’
পরে উদ্ধারকারীরা নিশ্চিত হন, টানেলের ভেতরে একাধিক ব্যক্তি অবস্থান করছেন।
গত ২৬ আগস্টের পাহাড়ি ঢলে ত্রিশূলী নদী উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ১ হাজার ২৫২ জন নিহত হন। পাহাড়ি ঢলে জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
এরপর থেকে টানেল ও অন্যান্য স্থাপনায় কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে বের করতে কঠিন পরিস্থিতির মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে অনুসন্ধানকারী দল।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এই দুর্যোগে নেপালে নিহতের সংখ্যা ১ হাজার ২৫০ জন ছাড়িয়েছে এবং এখনো ৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, উদ্ধার কাজে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : নেপাল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন