যুক্তরাষ্ট্রের টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মিশিগানের গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে (ইজেক্ট) যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ।
বিমানটি মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করেছিল।
দুর্ঘটনাটি আবাসিক এলাকার কাছে ঘটলেও কোনো বেসামরিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিমান বিধ্বস্ত হওয়ার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ায় দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেওয়া হয়। রাত ৯টা ৪৪ মিনিটে ওই নির্দেশ প্রত্যাহার করা হয়।
বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি। মার্কিন বিমান বাহিনী ও মিশিগান স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এফ-১৬ যুদ্ধবিমান মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান মাল্টিরোল ফাইটার জেট। এটি একাধিক দেশে রপ্তানি করা হয়েছে এবং বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রশিক্ষণ দুর্ঘটনা বাড়ছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিষয় : যুক্তরাষ্ট্র

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন