গণবার্তা

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে হামলা চালানোয় সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে।’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই হামলাকে চুক্তি ভঙ্গ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘ইসরাইলের লেবাননে অনুপ্রবেশ স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ধারাবাহিকভাবে এ হামলা প্রতারণা ও চুক্তি অমান্যের প্রমাণ এবং কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করতে পারে।’একই সঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, এই অবস্থায় ইরান কঠোর প্রতিক্রিয়া নিতে বাধ্য হতে পারে।পেজেশকিয়ান আরও বলেন, ‘জায়নিস্ট শাসন লেবাননের ওপর বারবার আগ্রাসন চালাচ্ছে, যা যুদ্ধবিরতি কাঠামোর গুরুতর লঙ্ঘন। আমাদের হাত এখনো ট্রিগারে রয়েছে। ইরান কখনোই লেবানিজ ভাই-বোনদের পরিত্যাগ করবে না।’এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি ঝুঁকির মধ্যে পড়েছে। তেহরান বলছে, চুক্তিতে লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ থাকার কথা ছিল। তবে ওয়াশিংটন ও ইসরাইল দাবি করছে, যুদ্ধবিরতি শুধু ইরানের বিরুদ্ধে প্রযোজ্য, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নয়।অপরদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। এক্সে তিনি জানান, ‘ইসরাইলি বাহিনী শক্তি, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।’ইরান ও ইসরাইলের মধ্যে এই উত্তেজনার মধ্যেই আগামী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরুর কথা রয়েছে। কিন্তু লেবাননে হামলা ও ইরানের কঠোর হুঁশিয়ারির কারণে সেই আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি: ‘আমাদের আঙুল এখনো ট্রিগারে’