জয় দিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের
জয় দিয়ে পুরুষ এশিয়ান গেমস বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ হকি দল। আজ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-৩ গোলে হারিয়েছে চাইনিজ তাইপেকে। প্রথম কোয়ার্টার শেষ হয়েছিল ১-১ সমতা নিয়ে।বাংলাদেশের হয়ে জয়সূচক পারফরম্যান্সে এগিয়ে ছিলেন আশরাফুল ইসলাম। তিনি ১৫ ও ২২ মিনিটে দুটি গোল করেন। এছাড়া ৩৪ মিনিটে আমিনুল ইসলাম এবং ৫৯ মিনিটে দীন ইমন একটি করে গোল করেন। চার গোলের জবাবে চাইনিজ তাইপে তিনটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে বাংলাদেশ।গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে শ্রীলংকা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলংকার। এরপর ৬ এপ্রিল গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। ভালো শুরুর পর বাংলাদেশ হকি দল এখন চাইবে এই ধারা ধরে রেখে এশিয়ার ক্রীড়া মহাযজ্ঞের টিকিট নিশ্চিত করতে।