গণবার্তা

সখীপুরে মা হত্যা মামলায় কিশোর ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে আলোচিত গৃহবধূ মুক্তা বেগম (৩৫) হত্যা মামলায় তার কিশোর ছেলে মুরাদ হাসানকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে আটক করা হয়।সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। তবে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।গত সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে কাতারপ্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী মুক্তা বেগমের কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই ছেলে মুরাদ পলাতক ছিল।স্থানীয় সূত্র জানায়, মুরাদ মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্যই সে মাকে হত্যা করে পালিয়ে গেছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে নাতি মুরাদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে মুরাদের বাবা প্রবাসী আলহাজ মিয়া ছেলেকে ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানায় মুরাদ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা সজল খান জানান, মুরাদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা জানতে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সখীপুরে মা হত্যা মামলায় কিশোর ছেলে গ্রেপ্তার