জব্বারের বলিখেলায় প্রথমবার অংশ নিয়েই চমক ঢাকার কিশোর অরণ্যের
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকার ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী অরণ্য তৌফিক। ষোল বছর বয়সী এই কিশোর নিজের চেয়ে ১২ বছর বড় প্রতিদ্বন্দ্বী বলি মোহাম্মদ মানিককে পরাজিত করে আলোচনায় এসেছেন। শনিবার ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি মাঠে এসে প্রতিযোগিতায় অংশ নেন তৌফিক। তার সঙ্গে ছিলেন কোচ সামির।ছোটবেলা থেকেই কুস্তি ও রেসলিংয়ে আগ্রহী তৌফিক ঢাকায় নিয়মিত অনুশীলন করেন। শখের বশে এবারই প্রথম অংশ নিলেন এই ঐতিহ্যবাহী বলিখেলায়। তৌফিক ও হালিশহরের মানিকের মধ্যকার লড়াইটি এক মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হয়। ম্যাচ শেষে রিং থেকে নামার সময় কোচকে জড়িয়ে ধরেন তিনি। জয়ের অনুভূতি জানাতে গিয়ে তৌফিক বলেন, তার চেয়ে অনেক বড় ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হয়েছিলেন। শুরুতে কিছুটা নার্ভাস লাগলেও সাহস হারাননি। শেষ পর্যন্ত জিততে পেরে খুব ভালো লাগছে বলে জানান তিনি।ঢাকার মগবাজারের বাসিন্দা তৌফিক জানান, তার বাবা-মা সবসময় খেলাধুলায় তাকে উৎসাহ দেন। টেলিভিশনে নিয়মিত রেসলিং দেখেন তিনি এবং ভবিষ্যতে পেশাদার কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখেন। এবারের আসরে তৌফিকই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। জয়ে উচ্ছ্বসিত তৌফিক বলেন, অনেকদিন ধরে এই বলিখেলার কথা শুনেছেন, এবার সামনে থেকে দেখার সুযোগ হলো। উল্লেখ্য, শতবর্ষী এই আয়োজনের প্রবর্তক আবদুল জব্বারের নামানুসারে অনুষ্ঠিত জব্বারের বলিখেলা এবার ১১৭ বছরে পা দিয়েছে। এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক বলি অংশগ্রহণ করেছেন।