আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি বোর্ড ভেঙে দিয়েছে এনএসসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।এনএসসি সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ নীতিমালার ২১ ধারা অনুযায়ী বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি। ওই ধারা অনুযায়ী, এনএসসি তাদের অধীনস্থ কোনো ক্রীড়া সংস্থায় অনিয়ম খুঁজে পেলে যেকোনো ব্যবস্থা নিতে পারে।এনএসসি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের বিষয়ে ইতোমধ্যে ইমেইলের মাধ্যমে আইসিসিকে অবহিত করা হয়েছে। আইসিসির কাছে তদন্ত প্রতিবেদন ও নতুন এডহক কমিটির নামও পাঠানো হয়েছে বলে জানান আমিনুল এহসান। তিনি জানান, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই কমিটি গঠন করা হয়েছে এবং আইনি কাঠামোর ভেতর থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একই সঙ্গে আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে এডহক কমিটি।এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। ৩৭ বছর বয়সী তামিম ইকবাল বিসিবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন।এনএসসি এই সিদ্ধান্তের বিষয়ে আইসিসির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে পাঠানো ইমেইলে এনএসসি জানিয়েছে, বিসিবির বর্তমান পর্ষদ সঠিকভাবে গঠিত হয়নি এবং সঠিকভাবে কাজ করতে পারছে না।বাংলাদেশের ক্রিকেটে এই রদবদলকে অনেকে স্বাগত জানালেও অনেকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে এনএসসির দাবি, বিসিবি নির্বাচনের স্বচ্ছতা ফেরাতে এবং ক্রিকেটের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।