গণবার্তা

বনানীতে ১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

২০২০ সালে রাজধানীর বনানীতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষণকারী নাসির সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগেও তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।দণ্ডিত আসামি নাসির সিকদার রাজধানীর বনানীর কড়াইল বস্তির মোকসেদ সিকদার ও মিনারা বেগমের ছেলে।মামলার ঘটনা থেকে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি দুপুরে পূর্ব পরিচয়ের সুবাদে নাসির সিকদার ১২ বছরের ভিকটিম মেয়েটিকে কড়াইল বস্তির নিজ রুমে ডেকে নেয়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। এই ঘটনার ফলে শিশুটি অন্তঃস্বত্ত্বা হয়ে যায়।এ ঘটনায় শিশুটির পিতা বনানী থানায় নাসির সিকদারকে আসামি করে মামলা করেন। মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।বিচারক নাসির সিকদারকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এই দুই লাখ টাকা দণ্ডিতের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদায় করে ভিকটিমকে প্রদান করার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।এছাড়া ভিকটিমকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর অভিযোগে তাকে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।রায়ে আদালত বলেছেন, নিরীহ শিশুর ভবিষ্যৎ নষ্ট করার অপরাধে অভিযুক্ত দণ্ড পাওয়ার যোগ্য। এই রায় অপরাধীদের জন্য কড়া বার্তা বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

বনানীতে ১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড