ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
গণবার্তা

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

ঢাকা: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী।এর আগে, গত বছর এ পরীক্ষায় প্রথমে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। পরে অবশ্য পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নে আরও ৩ হাজার ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হচ্ছে।পূর্বঘোষণা অনুযায়ী, প্রথমে ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়, বোর্ড প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এবং ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (প্রতিষ্ঠানের পরিচিতি নম্বর) মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে হবে।পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।পরীক্ষার্থীরা যেকোনো মুঠোফোন নম্বর থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।চলতি বছরের ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১২ লাখের বেশি। অবশ্য পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বরএইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে।শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।এদিকে, আগামী ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে। ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ৮ নভেম্বর বুয়েটের কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য নেওয়া হবে। ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে।২২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে। কর্মপরিকল্পনায় ২৭ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ