ফ্রান্সের কোচ হচ্ছেন জিনেদিন জিদান: বিশ্বকাপ শেষেই আনুষ্ঠানিক ঘোষণা
অবশেষে স্বপ্নপূরণ হতে যাচ্ছে জিনেদিন জিদানের। ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার যে স্বপ্ন তিনি বহু দিন ধরে লালন করছিলেন, তা বাস্তবে রূপ নিতে চলেছে। তবে এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে বললে, ২০২৬ সালের বিশ্বকাপ শেষেই জিদানকে প্রধান কোচ করার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, জিদানের সঙ্গে চুক্তি করে ফেলেছে ফরাসি ফুটবল ফেডারেশন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন ও জিদান মৌখিকভাবে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছে ইএসপিএন।বিদায় নিচ্ছেন দিদিয়ের দেশমআগামী ১২ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপ শেষেই ফ্রান্সের কোচের পদ ছাড়বেন দিদিয়ের দেশম। ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশম ইতিমধ্যে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জেতে, ২০২২ সালে ফাইনাল খেলে এবং ২০২১ সালে নেশনস লিগের শিরোপা জেতে। দীর্ঘ ১৪ বছর পর ফরাসি ফুটবলের এই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন তিনি।স্বপ্নের অপেক্ষায় জিদানখেলোয়াড় হিসেবে ফ্রান্সের জার্সিতে মাঠ মাতিয়ে স্বপ্ন পূরণ করেছিলেন জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান। ওই বছরই তিনি জিতেছিলেন ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ২০০০ ও ২০০৩ সালেও তিনি ফিফা বর্ষসেরা হন।২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ারে সুনাম অর্জন করেন জিদান। অনেক বিখ্যাত ক্লাবের কাছ থেকে কোচ হওয়ার প্রস্তাব পেলেও শুধু একটি ক্লাবের ডাকে সাড়া দিয়েছিলেন তিনি—সেটি হচ্ছে তার প্রিয় রিয়াল মাদ্রিদ। দুই মেয়াদে (২০১৬-১৮ ও ২০১৯-২১) তিনি লস ব্ল্যাঙ্কোসদের ডাগআউটে দাঁড়ান। প্রথম মেয়াদেই রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ জেতান। কোচ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের পরও অনেক ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেন জিদান। কারণ তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ফ্রান্সের কোচ হয়েই আবার কোচিংয়ে ফিরতে চান।শেষ মুহূর্তের খুঁটিনাটিজিদানের চুক্তি সই হওয়ার আগে এখন শুধু শেষ মুহূর্তের কিছু খুঁটিনাটি মিলিয়ে দেখা বাকি। বিশেষ করে তার কোচিং স্টাফে কতজন সদস্য থাকবেন এবং দলের পরিধি কতটা বড় হবে—এখন মূলত এ নিয়েই আলোচনা চলছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লা ফিগারো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন, দেশম–পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন, তা তিনি জানেন। সরাসরি জিদানের নাম না নিলেও দিয়ালো বলেছেন, ‘আমি জানি তিনি কে।’নতুন অধ্যায়ের শুরুবিশ্বকাপ শেষে কিলিয়ান এমবাপ্পে-উসমান ডেম্বেলেদের দায়িত্ব নিতে যাচ্ছেন জিদান। ফরাসি ফুটবলের জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এক কিংবদন্তি খেলোয়াড় এখন কিংবদন্তি কোচ হিসেবে নিজ দেশের দায়িত্ব নিতে চলেছেন। ফ্রান্সের কোচের আসনে বসার অপেক্ষা অনেক দিনের হলেও, সেই দিনটি এখন আর দূরে নয়।