পিএসএলে নাহিদ রানার গতির ঝড়, বাবর আজমের বিশ্ব রেকর্ড
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলেছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। তার আগুন গতিতে অসহায় হয়ে পড়েছিলেন করাচি কিংসের ব্যাটাররা। ৪ ওভারে একটি মেইডেনসহ মাত্র ৭ রান দিয়েছেন নাহিদ, নিয়েছেন ৩ উইকেট। এতেই করাচি কিংস গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। বড় ব্যবধানে জয় পায় পেশোয়ার জালমি।পেশোয়ার আগে ব্যাট করে ৩ উইকেটে তোলে ২৪৬ রানের বিশাল সংগ্রহ। শুরুতে দ্রুত উইকেট হারালেও বাবর আজম ও কুশল মেন্ডিস গড়েন ৯৭ বলে ১৯১ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কুশল মেন্ডিস ৫২ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অপরপ্রান্তে বাবর আজম ৫১ বলে অপরাজিত থাকেন ৮৭ রানে।শেষ দিকে আব্দুল সামাদের ১২ বলে ৪০ রানের ক্যামিওতে পেশোয়ারের সংগ্রহ আরও বড় হয়। ২৪৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে করাচি। নাহিদের ৩ উইকেটের পাশাপাশি বাংলাদেশের আরেক পেসার শরিফুল ইসলাম নেন ১ উইকেট। পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম ও ইফতেখার নেন ৩টি করে উইকেট।বাবর আজমের বিশ্বরেকর্ডদীর্ঘদিন রানখরায় থাকা বাবর আজম অবশেষে ফিরলেন নিজের চেনা রূপে। করাচি কিংসের বিপক্ষে দুর্দান্ত এই ইনিংস খেলার মধ্য দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান পূর্ণ করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। মাত্র ৩৩৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে ছাড়িয়ে যান ক্রিস গেইলের রেকর্ড (৩৪৩ ইনিংস)। এছাড়া বিরাট কোহলি (৩৬০ ইনিংস) ও ডেভিড ওয়ার্নার (৩৬৮ ইনিংস)-কেও পেছনে ফেলেছেন বাবর।দ্বিতীয় পাকিস্তানি হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রান পূর্ণ করলেন বাবর। এর আগে এই কীর্তি গড়েছিলেন শোয়েব মালিক। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেশোয়ার। এছাড়া এখন পর্যন্ত পিএসএলের চলতি মৌসুমে একমাত্র অপরাজিত দলও তারা। দীর্ঘ সমালোচনার পর এমন পারফরম্যান্সে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন বাবর আজম।