গণবার্তা

দৌলতদিয়ায় ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে।সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বাসটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিতে ওঠার সময় বাসটির ব্রেক ফেইল হয়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফেরি কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাসটির ভেতরে আরও অনেক যাত্রী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।পদ্মা নদীতে বাসটি ডুবে যাওয়ার পর থেকে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দিয়েছে। তবে বাসটির অবস্থান নিশ্চিত করতে সময় লাগছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত সাতজনকে জীবিত ও চারজন মৃত অবস্থায় উদ্ধার হলেও বাকি ৪৫ জনের কোনো সন্ধান মেলেনি।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। উদ্ধারকাজ চলমান থাকায় এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা জানা যায়নি। জরুরি বিভাগে উদ্ধার করা যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতদিয়ায় ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, বহু হতাহতের আশঙ্কা