গণবার্তা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ নেতা হিসেবে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।প্রধানমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সময়ের মধ্যে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ বিলিয়ন ডলার। বছরে গড়ে পাচার হয়েছে ১৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ দশমিক ৮ লাখ কোটি টাকার সমান।পাচার হওয়া বিপুল অর্থ একাধিক দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও আইনি সহায়তা জোরদার করা হচ্ছে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, অর্থপাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং-চীনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন ও আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) সইয়ের বিষয়ে সম্মতি মিলেছে। বাকি সাতটি দেশের সঙ্গে আলোচনা চলমান।পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের চিহ্নিত ১১টি অগ্রাধিকার মামলায় অর্থ পুনরুদ্ধারের আইনি প্রক্রিয়া চলছে। এসব মামলার তদন্তের জন্য দুদকের নেতৃত্বে সিআইডি, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ অনুসন্ধান দল (জেআইটি) গঠন করা হয়েছে।এ পর্যন্ত দেশের আদালতে মোট ৫৭ হাজার ১৬৮ কোটি ৯ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে। বিদেশে আদালতের নির্দেশে আরও ১৩ হাজার ২৭৮ কোটি ১৩ লাখ টাকার সম্পদ অবরুদ্ধ হয়েছে। দেশে-বিদেশে মিলিয়ে প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ এখন সংযুক্ত ও অবরুদ্ধ রয়েছে।পাচার অর্থ পুনরুদ্ধারে এ পর্যন্ত ১৪১টি মামলা হয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং ৬টি মামলার রায় হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের আমলের অর্থপাচার ও দুর্নীতি অনুসন্ধানে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারেও গুরুত্ব পেয়েছে। পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: প্রধানমন্ত্রী