গণবার্তা

নেভাদায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যেই দেশটির জন্য এলো দুঃসংবাদ। তাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তির একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় বিকেলে নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের কাছে প্রশিক্ষণ চলাকালীন এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বিমানবাহিনী।বিমানটি নেভাদার ইন্ডিয়ান স্প্রিংস থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ‘নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ’-এর সংরক্ষিত এলাকায় আছড়ে পড়ে। তবে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাইলট নিজেকে সফলভাবে বের করে নিতে সক্ষম হন। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ শাখা জানিয়েছে, পাইলট বর্তমানে নিরাপদ আছেন এবং সামান্য আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনাটি একটি নিয়ন্ত্রিত সামরিক আকাশসীমায় এবং ফেডারেল সম্পত্তির ভেতরে ঘটায় কোনো জনবসতি ক্ষতিগ্রস্ত হয়নি। নেলিস বিমানঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা তাদের প্রধান অগ্রাধিকার। জনবহুল কোনো এলাকায় এই দুর্ঘটনার প্রভাব পড়েনি।বর্তমান বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে এফ-৩৫ পরিচিত। একেকটির দাম ৮০ থেকে ১২০ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেভাদায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদ