গণবার্তা

‘দুঃখজনক, সরকারের হস্তক্ষেপ ঠিক না’: মোস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

গত বছরের ডিসেম্বরে আইপিএলের মেগা নিলামে ৯.৫ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। সেই ঘটনার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয়। অবশেষে এই ইস্যুতে নীরবতা ভাঙলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ধুমাল বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, এটি দুঃখজনক। এর বাইরে আমার খুব বেশি ধারণা নেই।’ তিনি আরও বলেন, ‘এটি দুঃখজনক। কখনও কখনও বিষয়গুলো এইভাবেই ঘটে। ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারের কোনো হস্তক্ষেপ থাকা প্রয়োজন বলে আমি মনে করি না। সাধারণভাবে সরকার ক্রিকেটকে সমর্থন করে। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে এবং এরকম পরিস্থিতি আর হবে না।’বিসিসিআইয়ের সিদ্ধান্তের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবাদ জানায় এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দেয়। বিসিবি জানায়, নিরাপত্তা ইস্যু দেখিয়ে তারা ভারতের মাটিতে খেলতে চায় না। পরে আইসিসি অনুরোধ প্রত্যাখ্যান করলে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পায়।বর্তমানে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মোস্তাফিজ। ৬.৪৪ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় লাহোর। এখন পর্যন্ত দুই ম্যাচে দুটি উইকেট নিয়েছেন তিনি। তার ইকোনমি রেট ৪.৮৭, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা। পিএসএলে দারুণ ফর্মে আছেন এই বাঁহাতি পেসার।

‘দুঃখজনক, সরকারের হস্তক্ষেপ ঠিক না’: মোস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান