ঘরোয়া ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়াল বিসিবি
প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৮ এপ্রিল) বিসিবির নতুন বোর্ডের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবির সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তামিম বলেন, ‘আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটারদের—পুরুষ ও নারী—নিয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি বলতে, কিছু সংখ্যা দেখে আমি ব্যক্তিগতভাবে বেশ অবাক হয়েছি।’সাবেক এই তারকা ওপেনার জানান, নারী ক্রিকেটারদের ম্যাচ ফি ছিল এক সময় মাত্র ১ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটাররা এখন টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লম্বা ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।তামিম জানান, গত তিন-চার বছর ধরে পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়েনি। পুরুষদের ‘এ’ ক্যাটাগরিতে ছিল ৩৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা। ‘আমার কাছে মনে হয় এটা অনেক কম’, বলেন তামিম।নতুন কাঠামোতে পুরুষ ক্রিকেটাররা লম্বা ভার্সনের জন্য পাবেন ১ লাখ টাকা করে (যা আগে ছিল ৭০ হাজার টাকা)।নারী ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ানো হয়েছে। তামিম জানান, ‘এ’ ক্যাটাগরিতে ৬৫ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা ও ‘সি’ ক্যাটাগরিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পাবে নারীরা।তিনি বলেন, ‘আমরা আজকে যেটা অনুমোদন দিয়েছি, আমি বলব না এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে।’বিসিবি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রথম শ্রেণির ক্রিকেটাররা আর্থিকভাবে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে আশা করছে বোর্ড। এতে দেশের ঘরোয়া ক্রিকেটের মান আরও বাড়বে বলেও মনে করছেন বিসিবি কর্মকর্তারা।