ঢাকা    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৯ মে ২০২৬
গণবার্তা

উত্তর প্রদেশ নির্বাচন সামনে রেখে কংগ্রেসের জোরালো প্রস্তুতি, এসপির সঙ্গে জোটের পরিকল্পনা

ভারতের কেরলমে সরকার গঠনের পর এবার কংগ্রেসের নজর দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় এই নির্বাচন সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চায় দলটি।দলীয় সূত্রে জানা গেছে, রাজ্যস্তরের নেতাদের বলা হয়েছে- জয়ের সম্ভাবনা আছে এবং লড়াইয়ের শক্তি আছে, এমন ১০০-১২০টি আসন চিহ্নিত করতে। এআইসিসির উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে সম্প্রতি রাজ্যের ছয়জন সম্পাদককে ৪০৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ, কংগ্রেসের শক্তি আছে, সংগঠন আছে এবং লড়াইয়ের ক্ষমতা রয়েছে—এমন শতাধিক আসন চিহ্নিত করতে বলা হয়েছে, যাতে জোটবদ্ধ লড়াই করতে হলে ওই আসনগুলো দাবি করা যায়।উত্তর প্রদেশে একার শক্তিতে বিজেপিকে হারানো কংগ্রেসের পক্ষে সম্ভবপর নয়। এই বাস্তবতা কংগ্রেস অস্বীকার করে না। শীর্ষ নেতারা চান, সমাজবাদী পার্টির (এসপি) সঙ্গে জোট বেঁধে বিজেপির মোকাবিলা করতে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় না থেকে কংগ্রেস তাই আগেভাগেই কেন্দ্র বাছাই করে ফেলতে চাইছে, যাতে পূর্ণ শক্তিতে নামা যায়। জোটবদ্ধ হয়ে ভোটে লড়লে কংগ্রেস অন্তত ৮০টি আসন দাবি করবে।উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে ঠাকুর বা ক্ষত্রিয়দের প্রাধান্যের কারণে রাজ্যের ব্রাহ্মণেরা বেশ অসন্তুষ্ট। কংগ্রেস সেই সুযোগ নিতে চাইছে। মূল ভোটব্যাংক হিসেবে দল নজর দিচ্ছে ব্রাহ্মণ, দলিত ও মুসলিমদের ওপর। এসপির সঙ্গে জোট হলে যাদব ও অন্যান্য অনগ্রসর সমাজের সমর্থন আসবে। সে ক্ষেত্রে বিজেপিকে ভালোমতো বেগ দেওয়া যাবে বলে শীর্ষ নেতাদের ধারণা।প্রসঙ্গত, আগামী বছর উত্তর প্রদেশ ছাড়াও ভোট রয়েছে আরও ছয় রাজ্যে। ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশের সঙ্গে ভোট হবে উত্তরাখন্ড, গোয়া, পাঞ্জাব ও মণিপুরে। নভেম্বরে ভোট হবে হিমাচল প্রদেশে ও ডিসেম্বরে গুজরাটে। কংগ্রেস হিমাচলে ক্ষমতা ধরে রাখতে চায় এবং উত্তরাখন্ডে বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। পাঞ্জাবে লড়াই ত্রিমুখী হলেও কংগ্রেস ভালো ফলের আশা করছে। তবে গোয়ায় কংগ্রেসের অবস্থা দুর্বল।বিজেপির পক্ষে আগামী দুই বছর গুরুত্বপূর্ণ, কারণ কংগ্রেসশাসিত রাজ্যগুলো দখল করতে পারলে রাজ্যসভায় তাদের আসনসংখ্যা বাড়বে। বর্তমানে কংগ্রেস কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ ও কেরলমে ক্ষমতায়। এছাড়া ঝাড়খন্ডে শরিক ও তামিলনাড়ুতে টিভিকে সরকারে মন্ত্রিত্ব পেতে চলেছে তারা। ২০২৭ ও ২০২৮ সালে বোঝা যাবে, বিজেপির দখলে আরও বেশি ভূখণ্ড আসবে, নাকি কংগ্রেস তার হারানো শক্তি ফিরে পাবে। 

উত্তর প্রদেশ নির্বাচন সামনে রেখে কংগ্রেসের জোরালো প্রস্তুতি, এসপির সঙ্গে জোটের পরিকল্পনা