গণবার্তা

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, তাকে লালবাগ থানার একটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, ‘মামলাটি আদার সেকশনের, কোনো হত্যা মামলা নয়’।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, শিরীন শারমিনকে ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তাকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে পুলিশ।শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে আরেকটি গুরুতর মামলা রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার। সেই মামলায় টিপু মুনশি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা তিন মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন।

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী