গণবার্তা

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, আহত ১২ মার্কিন সেনা

আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে শুক্রবার (২৭ মার্চ) মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বেশ কয়েকটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছে। মার্কিন ও সৌদি কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, মিসাইলের পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালানো হয়। রয়টার্স জানিয়েছে, ওই হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছে।এর আগে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানি হামলায় পাঁচটি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল।এদিকে সবশেষ এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি পেন্টাগন। অন্যদিকে রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে চালানো ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত ও সেটিকে ধ্বংস করা হয়েছে।সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, দেশটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে।গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘সাউথ পার্স’ গ্যাস ফিল্ডে বোমা হামলা চালায়। এর জবাবে তেহরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও প্রকট আকার ধারণ করেছে।সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, আহত ১২ মার্কিন সেনা