বান্দরবানে হরিণ শিকারি চক্রের চার সদস্য গ্রেপ্তার
বান্দরবানের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে হরিণ শিকার করে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের বাড়ি থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়।সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিল মোহাম্মদ (৪৪), তার ছেলে আবু তাহের (১৮), মোহাম্মদ জোবায়ের (২৭) ও সাইফুল ইসলাম (১৮)। তারা সবাই সুয়ালক ইউনিয়নের বাসিন্দা। বন বিভাগ সূত্রে জানা যায়, তারা কাইচতলি ও প্রান্তিক লেকসংলগ্ন পাহাড়ি এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকার করত।গোপন সংবাদের ভিত্তিতে দিল মোহাম্মদ ও আবদুস সালামের বাড়িতে তল্লাশি চালিয়ে রান্না করা হরিণের মাংস পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন জানান, বিএমটিএ সংলগ্ন পাহাড়ি এলাকায় হরিণের বিচরণ বেড়ে যাওয়ায় সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে শিকার কার্যক্রম চালিয়ে আসছিল।
বান্দরবান সদর রেঞ্জের বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিকারিদের বিষয়ে আগে থেকেই তথ্য ছিল, তবে প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। সাম্প্রতিক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।