জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই প্যানেলকে নিয়োগ দিয়েছে বিসিবি।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে সাকিবের দলে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে শুধু এক সিরিজ নয়, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে পেতে চান নতুন প্রধান নির্বাচক।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজে সাকিব বিবেচনায় থাকবে কি না—এমন প্রশ্নে হাবিবুল বাশার বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। কারণ আমরা তো এখনো জানি না যে সাকিব কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। সাকিব যদি দলে ফিরে তাহলে অবশ্যই সে প্রিপারেশন নিয়েই ফিরবে।’
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘সাকিবকে আসলে লম্বা সময়ের জন্যই চিন্তা করতে চাই। শুধুমাত্র একটা সিরিজের জন্য নয়, সেটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।’
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্ম নেওয়া সাকিব আল হাসান ৩৯ বছর পূর্ণ করে ৪০-এ পা দিয়েছেন। জন্মদিন উপলক্ষে নানা অঙ্গনের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিসিবি পরিচালক আসিফ আকবরের সঙ্গে তার কেক কাটার একটি মুহূর্ত।
গত ২২ মার্চ লন্ডনে যান আসিফ আকবর। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সাকিব। বন্ধু-বান্ধবদের নিয়ে ছোট পরিসরে আয়োজন করা হয় জন্মদিনের অনুষ্ঠান। সাকিবের সঙ্গে আসিফ আকবরের সেই কেক কাটার মুহূর্ত ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেক কাটার সময় সাকিবকে ‘নবাব’ আখ্যা দিয়েছেন এই গায়ক ও বিসিবি পরিচালক।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাকিব। দেড় যুগের ক্যারিয়ারে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব তার।
তার পরিসংখ্যান—
টেস্ট: ৭১ ম্যাচে ৫ সেঞ্চুরিসহ ৪ হাজার ৬০৯ রান ও ২৪৬ উইকেট
ওয়ানডে: ২৪৭ ম্যাচে ৯ সেঞ্চুরিসহ ৭ হাজার ৫৭০ রান ও ৩১৭ উইকেট
টি-টোয়েন্টি: ১২৯ ম্যাচে ২ হাজার ৫৭৬ রান ও ১৫১ উইকেট
একসময় সমালোচনা করলেও সাকিবকে আবারও জাতীয় দলে ফেরানোর চেষ্টার নেপথ্য কারিগরদের একজন আসিফ আকবর। এখন দেখা যাক, বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে দলে ফেরানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কি না নতুন নির্বাচক প্যানেল।
বিষয় : সাকিব আল হাসান

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন